
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতা পদত্যাগ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ করা নেতারা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, বিদ্যুৎ বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।
সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নেই। যার কারণে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
এ ছাড়া মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।
তিনি বলেন, আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচণায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না।
এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে তিন আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আরটিভি/আরএ




