
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। নতুন যারা দলে এসেছেন, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের বিএনপি নেতার নিজ বাড়িতে তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষ মিলিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করার সময় তিনি এসব কথা বলেন।
বিএনপিতে যোগদান করা নতুনদের উদ্দেশ্যে ডা. বাচ্চু বলেন, দেশ গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ক্রান্তি-লগ্নে সাধারণ মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের যোগদান ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। এ সময় তিনি যোগদানকারী প্রত্যেক নারী-পুরুষের হাতে রজনীগন্ধার সটীক তুলে দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করেন। পরে উপস্থিত নেতাকর্মীরা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
যোগদানকারীদের একজন তেলিহাটি গ্রামের আব্দুল মালেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তাছাড়া গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর মানবিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই আমরা বিএনপির তথা দলের প্রতি আস্থা রেখেই যোগ দিয়েছি।
যোগদানের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল ইসলাম, আলম শেখ, জহিরুল ইসলাম, রুহুল আমিন তোতাসহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
আরটিভি/এএএ




