গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ পথে আসা ভারতীয় পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় এক চোরাকারীকে ভারতীয় রুপিসহ আটক করে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, গবাদীপশু ও কসমেটিক সামগ্রী।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরটিভি/এস




