
মেহেরপুর সদর থানাধীন আমদহ ইউনিয়নের টেংরামারী-আশরাফপুর সড়কে ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে টেংরামারী-আশরাফপুর সড়কের একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত মোটরসাইকেল চালক চকশ্যামনগর গ্রামের রকিবুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
আরটিভি/এস




