
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বটিয়াঘাটা দারোগার ভিটায় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আক্তার মোল্লা নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। এ ঘটনার পর আক্তার মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী।
আহত আক্তার হোসেন জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটানামক স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দারোগার ভিটা এলাকার আলী নগর নামের একটি বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি কুপিয়ে জখম করে। কী কারণে তার হাতের রগ কেটে দেওয়া হয়েছে— সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/একে




