
চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মৃত্যুর দুই দিনের মাথায় ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম ইমাম হোসেন (১৭)। তিনি স্থানীয় সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা নুরুল আবছার (৫৫) রোববার (২১ ডিসেম্বর) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আবছার ছিলেন একজন রিকশাচালক। রিকশা চালিয়েই পাঁচ সদস্যের পরিবার পরিচালনা করতেন। অর্থাভাবে তিনি একাধিকবার হৃদ্রোগে আক্রান্ত হলেও নিয়মিত চিকিৎসা নিতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবার মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েন তার ছোট ছেলে ইমাম হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর দুই দিনের মাথায় ছেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বুজর্গ উমেদ নগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজার পর ইমাম হোসেনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আরটিভি/এএএ




