
নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ১০ ঘণ্টা পর উপজেলার বদনার চরের কাছ থেকে উদ্ধার করা হয় ট্রলারটি। এর আগে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে নৌ-পুলিশ গিয়ে জোয়ার আসার পর তাদেরকে উদ্ধার করে।
এ সময় ট্রলারে এক নারী চার শিশু ও দুইজন পুরুষ ছিলেন। উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান মো. রাজিব উদ্দিন এর বাড়ি উপজেলার চরকিং চরবগুলা গ্রামে।
রাজিব জানান, তার শ্বশুর বাড়ি ভোলা জেলার লালমহন উপজেলায়। গতকাল বিকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়। ইতোমধ্যে ভাটির কারণে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়ে তারা। রাত হয়ে যাওয়ায় তীরে আসার মতো কোন ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে ৯৯৯ এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে তীরে পৌঁছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্ধার করতে বলা হয়। পরে নৌ-পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ি চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।
আরটিভি/এএএ




