ছোট ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনবেন। দীর্ঘদিনের সেই শখ পূরণ করলেন বরের বাবা জিয়া উদ্দিন বেপারী। গাজীপুরের শ্রীপুরে পাশের চন্নাপাড়া এলাকায় বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে গেলেন প্রকৌশলী ওমায়ের বেপারী। গুগল ম্যাপের হিসাব অনুযায়ী এই বেড়াএদরচাল থেকে চন্নাপাড়া এলাকার দূরত্ব সাড়ে ৩ কিলোমিটার।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিয়ে শেষে বিকেলে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি।
প্রকৌশলী ওমায়ের বেপারী শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জিয়া উদ্দিন বেপারীর ছেলে। তার বাবা ওই এলাকার সমাজসেবক। বিকেলে যখন কনেকে নিয়ে হেলিকপ্টারে তার বাড়ির পাশে মসজিদ মাঠে নামে, তখন সেখানে শত শত মানুষের ঢল নামে। একইভাবে বিয়ে শেষ করে চন্নাপাড়া থেকে কনেকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিকেলে বাড়ি ফেরার পর বরযাত্রীরা শুধু নয়, এলাকার শত শত কৌতূহলী বাসিন্দা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে মাঠে ভিড় করেন।
জিয়া উদ্দিন বেপারীর জানান, আমার চার ছেলে, এক মেয়ে। পরিবারের সবার ছোট ছেলে ওমায়ের বেপারী। পাশের চন্নাপাড়া এলাকার ব্যবসায়ী আজিজুল ইসলোমের মেয়ে মেহজাবিন আক্তারের সঙ্গে ওমায়ের বেপারী বিয়ে হয়। তিনি বিকেলে চন্নাপাড়া এলাকার স্থানীয় মাঠ থেকে হেলিকপ্টারে করে বেড়াইদেরচালা বেপারীবাড়ী এলাকার মসজিদ মাঠে নামেন।
বেপারীবাড়ী মসজিদ মাঠ থেকে বর হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান। তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদ মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে বর-কনে হেঁটে মাঠের পাশেই বরের বাড়ীতে যান। বর-কনেসহ হেলিকপ্টারটি ওই মাঠে নামালে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় করেন।
ওমায়ের বেপারী বলেন, বিয়েকে স্মরণীয় করে রাখতে এবং আমার বাবা তার ছোট ছেলের নববধূকে হেলিকপ্টারে বাড়ীতে নিয়ে আসার ইচ্ছে থেকেই এ ব্যবস্থা করা হয়। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে তিনিসহ পরিবারের সবাই খুশি। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আসতে পেরে নতুন বউও খুব খুশি। তিনিও তার একটি শখ পূরণ করতে পারলেন। তার বিয়ের খবর এলাকার সবার মুখে মুখে হওয়ায় তার কাছেও ভালো লাগছে।
চন্নাপাড়া এলাকায় কনের বাড়িতে উপস্থিত উৎসুক এলাকাবাসী বলেন, হেলিকপ্টারে বরযাত্রী আসার বিষয়টি তাঁদের এলাকায় প্রথম। স্থানীয় বাসিন্দারা বিয়ের অনুষ্ঠান খুবই উপভোগ করেছেন। এলাকাবাসী নববধূর নাম দেন ‘হেলিকপ্টার বউ’।
বরের বড় ভাই আরাফাত বেপারী বলেন, হেলিকপ্টার আসার খবরে উৎসুক এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শত শত মানুষ ভিড় করেন মসজিদ মাঠের পাশে। জামাই হেলিকপ্টারে কনেকে নিয়ে যাবে শুনে খুশি নতুন বউ, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা।
আরটিভি/এস




