বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৯ এএম


বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বসতবাড়ির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যুথী খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুথী খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে যুথী নিজ বাড়িতে একটি বিড়াল ধরার জন্য ঘরের টিনের চালার ওপরে ওঠে। ওই টিনের চালার ঠিক ওপর দিয়েই নাটোর পল্লী বিদ্যুৎ-২ এর বৈদ্যুতিক লাইন টানা ছিল। বিড়াল ধরতে গিয়ে অসাবধানতাবশত যুথীর মাথা ওই তারে স্পর্শ করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে নিহতের পরিবার। যুথীর দাদা জমিরউদ্দীন অভিযোগ করে বলেন, বসতবাড়ির ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন বিপদজনকভাবে ঝুলে ছিল। এই লাইন সরানোর জন্য বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত আবেদনও করা হয়েছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাদের অবহেলার কারণেই আজ আমার নাতনির প্রাণ গেল।

আরও পড়ুন

এবিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission