
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আজাদ রহমান (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটিমা রোডের আইস ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ মহেশপুর পৌরসভাধীন মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা আব্দুর রশিদ জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আজাদ। কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন তার ছেলে দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নাটিমা দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি আইস ফ্যাক্টরি সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ


