
পাবনার কাছারিপাড়া এলাকায় বিষ প্রয়োগে তিনটি পোষা কুকুরের নির্মম মৃত্যুতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। কুকুরগুলোর মালিক হারুনর রশিদ গত ১৩ জানুয়ারি সকালে তার তিনটি কুকুর বিষক্রিয়ায় ছটফট করতে দেখে স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। চিকিৎসকের নিশ্চিতকরণে জানা যায়, কুকুর তিনটি বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সকাল ও দুপুরের মধ্যে কুকুর তিনটি মারা যায়।
ঘটনার পর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানিয়েছেন, মামলার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় তা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, বিষ প্রয়োগে কুকুর মৃত্যুর বিষয়টি একজন অথোরাইজড পশু চিকিৎসক সার্টিফাই করতে হবে।
পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের সনাক্তে কাজ করছে। হারুনর রশিদ দাবি করেন, তার তিনটি কুকুর ছিল খুবই আদরের প্রাণী, এবং তিনি কুকুর হত্যার বিচার চেয়েছেন।
ন্যাচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটি পাবনার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ বলেন, মানবিক মূল্যবোধ হারিয়ে যাওয়ার কারণে প্রাণী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলছে। কুকুর হত্যাকারীদের আইনের আওতায় আনা না গেলে এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছিল, যার বিচার কার্যক্রম চলছে।পাবনার মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে, প্রাণী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এ ধরনের নির্মমতা রোধ করতে হবে।
আরটিভি/এসকে


