
জামালপুরের মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। তিনি চরপাকেরদহ ফকিরপাড়া গ্রামের মৃত অসি ফকিরের ছেলে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদের বালিজুড়ী বাজারের পলিশা মোড়ের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ দিন বিকালে তোজাম্মেল তার কর্মস্থল থেকে বাসায় আসার পথে পলিশা মোড়ের উত্তর পাশে চাঁন মিয়ার বাড়ির পাশে বিপরীত দিক থেকে আসা একটি হিরো মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর, ঘটনাস্থলেই সচিব নিহত হন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমআই


