
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় ভারত থেকে বাংলাদেশে আসা বাদল ফরাজীর পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজালকেও একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন ও কারা সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। পরে বাংলাদেশে তার মুক্তির বিষয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে গ্রেপ্তার হন বাদল ফরাজী। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় তাকে বাদল সিং নামে শনাক্ত করে অমর কলোনি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শুরু থেকেই বাদল ফরাজী দাবি করে আসছিলেন, তিনি ওই হত্যা মামলার আসামি নন। কিন্তু ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার সময়ও পড়াশোনা চালিয়ে যান বাদল। কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন তিনি।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। তবে দেশে ফিরেও দীর্ঘদিন মুক্তি পাননি তিনি।
বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস, নামে একটি উপন্যাসও লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।
কারাগারে থাকতেই বাদল ফরাজীর বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরটিভি/এসকে


