ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ১০:৪৮ এএম


ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
উৎসুক জনতা। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সুমনা বাদশা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণনগর এলাকায় নিজ বাসার রান্নাঘরে গ্যাসের বিস্ফোরণে সুমনা বাদশা গুরুতর দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী বাদশা মিয়া (৫৬) এবং দুই ছেলে আবু বকর সিদ্দিক (১৬) ও আরাফাত (২২) দগ্ধ হন। পরে আহত চারজনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

নিহত সুমনার দেবর মো. আরিফ জানান, বুধবার ইফতারের প্রায় ১০ মিনিট আগে চিকিৎসাধীন অবস্থায় সুমনার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে দেশলাই ধরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন সুমনার শরীরে ছড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই ছেলে আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণের সময় রান্নাঘরের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে সুমনা বাদশার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বাদশা মিয়ার ২ দশমিক ৫ শতাংশ, আবু বকর সিদ্দিকের ২ শতাংশ এবং আরাফাতের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission