টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের সামনে চিকিৎসাধীন এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (৭০) সদরের মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে সুরক্ষিত না রেখে দায়িত্বহীনভাবে রাখার সময় হঠাৎ সিলিন্ডারটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
স্বজনরা আরও জানান, তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. বুলবুল আহমেদ জানান, গত বুধবার (২৯ এপ্রিল) মিজানুর রহমান শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যায় মেডিসিন বিভাগে ভর্তি হন। শয্যার পর্যাপ্ততা না থাকায় তাকে লিফটের সামনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরটিভি/টিআর




