
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
ভুক্তভোগী কৃষক কাশেম মীর জানান, বুধবার (৪ নভেম্বর) ভোরে জমিতে ফুলকপির পরিচর্যা করতে গিয়ে তিনি তার দুই ভাই আব্দুল হামিদ মীর ও হাশেম মীরকে কাঁধে ওষুধ ছিটানোর মেশিন নিয়ে জমি থেকে বের হতে দেখেন। তবে ওই সময় বিষয়টি নিয়ে সন্দেহ হলেও পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জমিতে গিয়ে ফুলকপির চারার পাতায় পোড়া দাগ দেখতে পান।
তার অভিযোগ, বুধবার ভোরে জমিতে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে পরিকল্পিতভাবে ফসল নষ্ট করা হয়েছে।
কাশেম মীর জানান, জমি নিয়ে তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে তার ফসলের ক্ষতি করা হয়েছে বলে তিনি মনে করছেন। প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট হওয়ায় তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফসল নষ্টের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবার।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




