
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজের দুর্দশার কথা তুলে ধরেন মোস্তফা। তিনি মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে। বিয়ের পর তিনি রাজাপুরে বসবাস শুরু করেন।
লিখিত বক্তব্যে মোস্তফা অভিযোগ করেন, দুবাইয়ে থাকাকালে বিভিন্ন সময়ে স্ত্রী জোলেখার কাছে প্রায় ৫১ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। কিন্তু ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী আংগারিয়া আলগি এলাকার মো. সাইফুলের সঙ্গে চলে গেছেন। এ বিষয়ে রাজাপুর পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাইয়ের দাবি জানান তিনি।
মোস্তফা আরও অভিযোগ করেন, রাজাপুরে তার ১৩ শতাংশ জমি ১২ লাখ টাকায় বিক্রির কথাবার্তা হয়। দলিল রেজিস্ট্রির পর তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে তার স্ত্রীসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা ও মারধর করেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপার্জিত অর্থ ও ব্যাংক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, জমির মালিকানা ও দলিল যাচাই, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান মোস্তফা।
তবে মোস্তফার স্ত্রী জোলেখা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রাগ করে মোস্তফাকে তালাক দিয়েছেন। তবে মোস্তফা আগে বিয়ে করেছিলেন, পরে তিনি তাকে বিয়ে করেন। তার দাবি, মোস্তফার কোনো টাকা-পয়সা তিনি নেননি।
আরটিভি/এমএইচজে




