রাঙামাটির লংগদুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. রাসেল গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৪ মে) থেকে ব্যাংকিং আউটলেটে তালা ঝুলিয়ে তিনি উধাও হন।
স্থানীয় গ্রাহকদের দাবি, জালিয়াতির মাধ্যমে তিনি প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা নিয়মিত ব্যাংকে এসে টাকা জমা দিতেন এবং ব্যাংক থেকে জমাকৃত টাকার রিসিভও বুঝে নিতেন। কিন্তু প্রকৃতপক্ষে রাসেল সেই টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিতেন। গত সোমবার থেকে ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখে এবং মালিকের ফোন বন্ধ পেয়ে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেশ কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ব্যাংকে এসে টাকা জমা দিয়েছি, আমাদের কাছে রিসিভ আছে। কিন্তু এখন শুনছি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমাদের সারাজীবনের সঞ্চয় নিয়ে রাসেল পালিয়ে গেছে।
এ বিষয়ে লংগদু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম মেম্বার বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে রাসেল গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের রাঙামাটি জেলা শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ব্যাংকিং নিয়মানুযায়ী যাদের বৈধ লেনদেন ও অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাদের ভয়ের কিছু নেই; তারা টাকা ফেরত পাবেন। তবে ব্যাংকিং সিস্টেমের বাইরে কোনো প্রকার ব্যক্তিগত লেনদেন বা নিয়মবহির্ভূত লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করবে না।
আরটিভি/এমএইচজে




