
মা-বাবার আদরের ‘বড় মিয়া’ ও ‘ছোট মিয়া’ যমজ দুই ভাই সাদিল ও সাফিন। একসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা। মা-বাবার স্বপ্ন ছিল দুই সন্তানকে ঘিরে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই হাম ও হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাদের বাবা-মা।
গত ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাফিন। সাত দিন পর, ৮ নভেম্বর ছিল তার প্রথম জন্মদিন। তবে জন্মদিনের আগেই পৃথিবী ছেড়ে যাওয়া সাফিনের যমজ ভাই সাদিলও শেষ পর্যন্ত বাঁচেনি। গত ১৬ নভেম্বর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।
শিশু দুটির বাবা মো. বিন সোয়াদ। তিনি চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের একটি শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবার নিয়ে বাঁশখালীতেই বসবাস করতেন তারা।
বিন সোয়াদ জানান, গত ২৮ অক্টোবর দুই শিশুর শরীরে জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর মারা যায় সাফিন। পরে সাদিলকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানেই তার মৃত্যু হয়।
সন্তানদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করেননি উল্লেখ করে বিন সোয়াদ বলেন, সন্তানদের জ্বর হওয়ার পর থেকেই চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি করিনি। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া থেকে শুরু করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে এনে হাসপাতালে ভর্তি করা সবকিছুই করেছি। তবু দুই সন্তানকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিতে পারলাম না।
দুই সন্তানকে হারানোর বেদনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই বাবা। তিনি বলেন, ‘আইসিইউ, পিআইসিইউ ও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় অনেক কষ্টের মধ্য দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে আমার আদরের দুই সন্তান। তাদের চিকিৎসার পেছনে প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করেছি। এত কিছু করেও কলিজার টুকরাদের ফিরে পেলাম না।
সন্তান হারানোর শোকের পাশাপাশি চট্টগ্রামে হাম পরিস্থিতি ও হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিন সোয়াদ। তার অভিযোগ, সরকারি হাসপাতালগুলোয় হাম আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। একই সঙ্গে হাম আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি রাখায় সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীর অতিরিক্ত চাপের কথা শুনে সেখানে সন্তানদের ভর্তি করানোর সাহস পাননি। তার আশঙ্কা ছিল, শুধু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরাও হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে সংক্রমিত হতে পারে।
একসঙ্গে জন্ম নেওয়া দুই সন্তানকে পাশাপাশি কবরে শুইয়ে দিয়ে এখন শোক আর স্মৃতি নিয়েই দিন কাটছে এই পরিবারের। যে দুই শিশুকে ঘিরে ছিল মা-বাবার হাজারো স্বপ্ন, তাদের প্রথম জন্মদিনও আর একসঙ্গে উদ্যাপন করা হলো না।
আরটিভি/এসকে



