রান্নাঘরের ইঁদুরের গর্তে ভয়ংকর কোবরা

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৬:১৬ পিএম


রান্নাঘরের ইঁদুরের গর্তে প্রাণঘাতী ভয়ংকর কোবরা
বিষধর কোবরা সাপ। ছবি: আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে একটি প্রাণঘাতী বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। পরে চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কঞ্চি দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তারা গিয়ে দেখতে পান, সাপটি রান্নাঘরের ইঁদুরের গর্তের ভেতরে অবস্থান করছিল এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা কোবরা সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্ধারকারীরা জানান, বাড়িতে বা আশপাশে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বাংলায় সাপটি গোখরা বা কোবরা নামে পরিচিত। এর ইংরেজি নাম Monocled Cobra, বৈজ্ঞানিক নাম Naja kaouthia এবং এটি Elapidae পরিবারের অন্তর্ভুক্ত।

জানা গেছে, বাংলাদেশের প্রায় সব জেলাতেই এ সাপের উপস্থিতি রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল, ঝোপঝাড়, ধানক্ষেত, ইঁদুরের গর্ত, রান্নাঘর কিংবা পুরোনো ঘরে ইঁদুরের উপদ্রব বেশি থাকলে এসব স্থানে গোখরা সাপের দেখা মেলে। খাদ্যের সন্ধানে অনেক সময় এ ধরনের সাপ বাড়ির আশপাশেও চলে আসে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission