নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
জানা যায়, রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে যান পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন। তখন উপস্থিত কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে থানা থেকে বের হয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আটকের সময় তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বলে’ স্লোগান দেন।
এ ঘটনায় থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গতকাল তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, জাহানারা পারভীনকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।
আরটিভি/আইএম



