চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯) নম্বরের একটি প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির পেছনের বেকডালার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িচালক বাবু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতঃপূর্বে জোরারগঞ্জ থানায় উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি অন্যতম। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




