ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা দাবি করেন, উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে শর্ত ছিল, তিনি আর ক্যাম্পাসে ফিরবেন না।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) উপাচার্যকে ভবন থেকে বের করে নেওয়ার আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ শর্তের কথা জানানো হয়। তাদের দাবি, প্রশাসনের কর্মকর্তারা শর্তটিতে সম্মতি জানিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেন। পরে উপাচার্যসহ ১১ জনকে বের করে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সামনেও তিনবার শর্তটি স্পষ্ট করা হয়। তবে এ সময় উপাচার্য বা তার সঙ্গে থাকা অন্য কেউ কোনো আপত্তি জানাননি বলে দাবি শিক্ষার্থীদের।

উপাচার্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত মানবিক বিবেচনায় নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তারা জানান, ভবনে অবস্থানরত ব্যক্তিদের জন্য খাবার, পানি ও জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগও নেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও পানি সরবরাহ সচল ছিল। এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত ভিন্ন তথ্য যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রকাশের আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা আরও বলেন, উপাচার্যকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়াকে তাদের আন্দোলনের দাবি থেকে সরে আসা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নিচ্ছেন না জানিয়ে তারা সতর্ক করেন, তার পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা নতুন করে সংকট সৃষ্টি করতে পারে।

চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল কবির আবরার বলেন, অধ্যাপক শেখ শরীফুল আলমকে আমরা আরও অনেকদিন আগেই প্রত্যাখ্যান করেছি এবং অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল করার এক দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। এরই মধ্যে শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করার দিনই আমাদের ভার্সিটির বাস আটকে রেখে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে, তা থেকেই বুঝা যায়, উনি সামনের দিনগুলোতে কী আচরণ করবেন আমাদের সঙ্গে। আমরা উনাকে এই ক্যাম্পাসে পুনরায় প্রবেশ না করার শর্তেই ছেড়েছি, আর পুনরায় লজ্জাহীনভাবে উনি প্রবেশ করার সাহস দেখালে আমরা শিক্ষার্থীরা তা যথাযথভাবে প্রতিহত করবো। এছাড়াও সায়েম স্যারকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে তারা জানান, অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান শাটডাউন এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
জীবনের বাস্তবতা ও একটি চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে মানুষের অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
আরও পড়ুন
মুখ খুললেন চুয়েট উপাচার্য
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
‘ভবিষ্যতে কখনও চুয়েটে আসবো না’ এমন বিবৃতি দেইনি: চুয়েট উপাচার্য 
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর