
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরে টানা সাতদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, পূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি এরই মধ্যে স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৩ অক্টোবর টানা ৭ দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের চিঠির প্রেক্ষিতে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ থাকার নির্দেশনাটি স্থলবন্দরের সংশ্লিষ্ট সব দপ্তরে জানানো হয়েছে। তবে এর প্রভাব যাত্রী পারাপারে পড়বে না।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকি দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক নিয়মে চলবে।
আরটিভি/এমএ




