জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন ওই মহল্লার মো. জুয়েল রানার ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, সকালের দিকে শিশু জোবায়ের বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ছুটে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম



