জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামতে বলে। তবে মোটরসাইকেলচালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দ করা গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হবে।
আরটিভি/এমএইচজে



