
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।
তারা আরও বলেন, কেইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা মূল সড়কে অবস্থান নেননি, তারা কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। ফলে যানজটের সৃষ্টি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে সেখানে অবস্থান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।
আরটিভি/এমএম


