দেশের কারাগারে ক্যাশলেস লেনদেন চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৫:৫৫ পিএম


দেশের কারাগারে ক্যাশলেস লেনদেন চালু
মুন্সীগঞ্জ জেলা কারাগার : ছবি আরটিভি

দেশের কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে। এখানে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু করা হয়েছে দেশের প্রথম ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। পাশাপাশি বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আরও পড়ুন

তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এটি চালু করা হবে।

আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission