ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করা হয় বলে সকালে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ।
মামলার বাদী হয়েছেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা ইউনুস আলী ও আজহারুল ইসলাম তামিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা করেন।
এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরটিভি/এমএ




