
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হতে পারে।
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।
এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
আরটিভি/টিআর




