
ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছোট চাচার বউভাতের অনুষ্ঠানে ডেকোরেশনের জন্য আনা ঝাড়বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাবের ছোট চাচার বউভাত উপলক্ষে বাড়িতে ডেকোরেশনের কাজ করা হয়েছিল। এ দিন দুপুরে পুকুরে গোসল শেষে ছাদে কাপড় শুকাতে যান শিহাব। এ সময় ডেকোরেশনের জন্য আনা ঝাড়বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় পাশের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিহাবের চাচা হাবিবুর রহমান জানান, শিহাব ঢাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুই বোনের মধ্যে শিহাব ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় একটি বায়িং হাউজে চাকরি করেন।
আরটিভি/এমএম



