ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সেদিন নাস্তার টেবিলে কী বলেছিলেন সোহেল খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
মুকিত জাকারিয়া, সোহেল খান ও মুকেশ ঋষি। ছবি: সংগৃহীত

বগুড়ায় একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। কথা ছিল, সেখানে কাজ শেষ করে আবার একসঙ্গে ঢাকায় ফিরবেন। তবে সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী। কাছের মানুষকে হারিয়ে শোকাহত মুকিত জাকারিয়া। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতি বারবার মনে পড়ছে তার। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে সেই স্মৃতিই তুলে ধরেছেন তিনি।

মুকিত জাকারিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তার সঙ্গে সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষিকে দেখা গেছে। শুটিং শেষে তারা একসঙ্গে নাস্তা করছিলেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে মুকিত জাকারিয়া লিখেছেন, ‘আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাস্তা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।’

এর আগে এক পোস্টে একসঙ্গে নাস্তা করার স্মৃতিও তুলে ধরেছেন মুকিত জাকারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘সকালে একসঙ্গে নাস্তা করেছি। মুকেশ ঋষিও ছিলেন আমাদের সঙ্গে। আমি তার পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। তারপর মুকেশকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো এখন বারবার কানে বাজছে। আজ তো সোহেলের কথা শুনে হাসপাতালে ছুটে গেছে মুকেশ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়া গেল...।’

সোহেল খানের সঙ্গে ১৪ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব ও পরিচয় মুকিত জাকারিয়ার। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে একসঙ্গে অনেক কাজ করেছেন তারা।

জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকা হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর নির্মাণেই তৈরি রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

নাটকের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
ঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তার মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তার মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তার সাক্ষাৎকারে।
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। সেই স্বপ্নের পথে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। 
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান।
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
আরও পড়ুন
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন ফোর্ট হুড হামলাকারী
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৪৫