ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কিডনিতে প্রাণে বাঁচলেও থমকে গেছে সুজনের ভবিষ্যৎ

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
সুজন ও তার মা। ছবি: আরটিভি

সন্তানের জীবন বাঁচাতে মা নিজের কিডনি দিয়েছেন। সেই কিডনি প্রতিস্থাপনের পর মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন ছেলে সুজন সরদার (৩০)। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথেই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের সংকট। নিয়মিত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ জোগাতে না পেরে তার চিকিৎসা এখন প্রায় বন্ধ হওয়ার পথে।

খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের দিনমজুর আনিছ সরদারের ছেলে সুজন। আট সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। দিনভর বিভিন্ন জায়গায় শ্রম বিক্রি করে যে আয় হয়, তা দিয়েই কোনোরকমে চলে সংসার। সেখানে ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে সুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে খুলনার বেসরকারি সিটি হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সুজনের কিডনির জটিলতা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। দুটি কিডনি নষ্ট বলে জানান চিকিৎসক। ফলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। একসময় শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এমন পরিস্থিতিতে কিডনি প্রতিস্থাপনের জন্য সুজনকে ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। তখন সন্তানের জীবন বাঁচাতে মা মমতাজ বেগম নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে অধ্যাপক ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধানে ২০২৫ সালের ২৩ নভেম্বর মমতাজ বেগমের কিডনি সুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। সফলভাবে অস্ত্রোপচার শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন সুজন। দীর্ঘদিনের অসুস্থতা ও ডায়ালাইসিসের কষ্ট পেরিয়ে তিনি ফিরে পান নতুন জীবন।

এদিকে কিডনি প্রতিস্থাপনের পর সুজনের পরিবার ভেবেছিল, এবার হয়ত দুঃসময় কিছুটা কাটবে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের পরও দীর্ঘদিন নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হয়। প্রতিদিন নির্দিষ্ট ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো হাসপাতালে গিয়ে ফলোআপ করাও জরুরি। এসব চিকিৎসা ব্যয়বহুল। সুজনের পরিবার এত দিন ধারদেনা, আত্মীয়স্বজন ও মানুষের সহযোগিতা নিয়ে চিকিৎসা চালিয়ে এসেছে। পরিবারের দাবি, এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে প্রায় ১৮ লাখ টাকা খরচ হয়েছে। এখন প্রতিমাসে শুধু ওষুধ কিনতেই প্রয়োজন হচ্ছে প্রায় ২০ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও যাতায়াতসহ অন্যান্য খরচ। দিনমজুর বাবার পক্ষে এসব ব্যয় বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুন

সুজনের বাবা আনিছ সরদার বলেন, ছেলের জীবন বাঁচাতে তার মা নিজের কিডনি দিয়েছে। এত টাকা খরচ হবে, কখনো ভাবিনি। ধারদেনা করে, মানুষের সহযোগিতা নিয়ে এতদিন চিকিৎসা চালিয়েছি। এখন আর পারছি না।

তিনি বলেন, আমি দিনমজুরি করি। সারাদিন কাজ করে যে টাকা পাই, তা দিয়ে আট সদস্যের সংসার চালাতে হয়। একদিকে সংসারের খরচ, অন্যদিকে ছেলের ওষুধ ও চিকিৎসা। কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না।

সুজনের মা মমতাজ বেগম বলেন, ছেলেকে বাঁচাতে আমার কিডনি দিতে পেরেছি, কিন্তু এখন টাকার অভাবে তার চিকিৎসা চালাতে পারছি না। আমার ছেলে যেন ভালো থাকে, স্বাভাবিকভাবে বাঁচতে পারে, এটাই আমার চাওয়া। মানুষের সহযোগিতা পেলে ওর চিকিৎসা চালিয়ে যেতে পারব।

পরিবারটির আবেদন, সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যেন সুজনের চিকিৎসার পাশে দাঁড়ান। তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছে পরিবারটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। 
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
আরও পড়ুন
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার