
খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার লক্ষ্যে গোপনে বৈঠক করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং একই এলাকার শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে বুধবার রাতে সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে বয়ারঝাপা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম যাতে পরিচালিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে।
আরটিভি/এমএইচজে




