
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু। ফোনে তিনি ওসিকে বলেছেন, ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে এ-সংক্রান্ত দুই মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) অডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, শুরুতে রুকু ফোন করে ওসি আতিকুর রহমানের খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন।
এরপর নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে রুকু বলেন, ওসি সেখানে অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। তাই তাকে অতিথির মর্যাদা দিতে চান তারা।
কথোপকথনে রুকু বলেন, আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।
তিনি (রুকু) বলেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের এলাকার অতিথি। এসব বিষয় নিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে হয়রানি করবেন না।
এরপর ওসি বলেন, হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।
এ পর্যায়ে রুকু বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।
‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই’ মন্তব্য করে ছাত্রলীগ নেতা আরও বলেন, আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি- আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিভিন্ন স্থান থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি কর্মস্থলে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরটিভি/এমএ


