
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় টিনের বাক্স উদ্ধার করা হয়। বাক্সের ভেতরে ১০টি পোটলায় চার কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় আড়াই কেজি— সর্বমোট ১১টি পোটলায় মোড়ানো ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান অপর এক সহযোগীর সঙ্গে যোগসাজশে এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার পাইকারি ডিলার হিসেবে কাজ করে আসছিলেন। জেলা পুলিশ দীর্ঘ দুই মাস ধরে চেষ্টা চালিয়ে মাদকের এই মূল ডিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের অপর সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক ও কঠোর অবস্থানে রয়েছে।
আরটিভি/এমএইচজে


