
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় সিলেটের গোয়াইনঘাটে মাদকবিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাবাসীর আয়োজনে ও গোয়াইনঘাট থানা পুলিশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুরুব্বি আক্কাস আলীর সভাপতিত্বে ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক সালমান শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সবাই পুলিশকে জানাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদ, স্থানীয় মুরুব্বি খাঁন বাহাদুর ও বাদশা মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং এলাকায় অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।
সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে নিয়মিত সামাজিক সচেতনতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে এখন আর নীরব থাকার সুযোগ নেই। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরটিভি/আইএম




