
নোয়াখালী হাতিয়ায় মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও অভিভাবক একসঙ্গে হাত তুলে মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পড়ালেখার মান উন্নয়ন, বাল্যবিবাহ রোধ ও মাদক প্রতিরোধে বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে এই অঙ্গীকার করেন তারা।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাসেল ইকবাল।
এতে বক্তব্য রাখেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নুর প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ইউএনও রাসেল ইকবাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে— সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, সমাজে মোবাইল ব্যবহার এখন ব্যাধিতে রূপ নিয়েছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পড়ালেখা ফাঁকি দিয়ে মোবাইল ব্যবহারে আসক্ত হচ্ছে। এতে তাদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি উগ্রতা ও বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হচ্ছে তারা। আমাদের অভিভাবকদের তাদের সন্তানদের মোবাইল ব্যবহার বন্ধে কঠোর হতে হবে।
পরে তিনি উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্মতিতে বিদ্যালয়ে পড়ালেখা চলা অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে না বলে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানান। এ সময় সবাই উপজেলা তার আহ্বানে সাড়া দিয়ে হাত তুলে অঙ্গীকার করেন। এই অঙ্গীকার ভঙ্গ করলে উক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুশীল সমাজের লোকজনসহ বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে




