
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন একই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে গরুর জন্য ঘাস কেটে মাঠ থেকে বাড়ি ফিরছিল রাসেল। এ সময় বাড়িতে ঢোকার আগেই বাধে বিপত্তি। বাড়ি থেকে নিজ দোকানে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার রাসেলের হাতে থাকা কাঁচিতে কেটে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরটিভি/টিআর


