
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নারী সন্তান প্রসব করেছেন। প্রসবব্যথা শুরু হলে স্বামীর অনুরোধে বাস থামান চালক। পরে যাত্রীদের সহযোগিতায় পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়। তাদের সহায়তায় বাসের মধ্যেই জন্ম নেয় এক নবজাতক। ব্যতিক্রমী এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। এ সময় চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ অবস্থায় তার স্বামী বাস থামানোর অনুরোধ করেন। যাত্রীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
নার্সরা বাসে ফিরে এসে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরে তাদের সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
এদিকে, প্রসূতির কথা বিবেচনা করে দীর্ঘ সময় বাসটি দাঁড়িয়ে থাকলেও যাত্রীরা কোনো আপত্তি করেননি। বরং চালক ও বাসের স্টাফদের অপেক্ষা করার অনুরোধ জানান তারা। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়।
জরুরি মুহূর্তে যাত্রীদের মানবিক সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার কারণে ঘটনাটি প্রশংসিত হয়েছে।
আরটিভি/এসকে


