
চট্টগ্রামের বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা খোলানোর পর তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ডাকাত দল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করা হয়।
তিনি বলেন, ডাকাতরা দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রূপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।
অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল জানান, ডাকাতরা রান্নাঘরের জানালার গ্রিল কাটার পর একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। পরে শিশুটি ভেতর থেকে দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে প্রবেশ করে।
তিনি বলেন, ঘরে ঢুকেই ডাকাতরা তার গলায় ছুরি ধরে হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। পরে ঘর তছনছ করে নগদ ২৫ হাজার টাকা ও তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ডাকাতির শিকার পরিবারগুলো একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, কাটার দিয়ে জানালার গ্রিল কেটে একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা খোলানো হয়।
আরটিভি/এসকে




