
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা।
আরটিভি/এসকে




