
প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন মোল্লা (৪৫)। কিন্তু অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন তিনি। মুহূর্তেই থেমে গেল পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন। বাড়ির ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত চার্জারের সকেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
এ সময় বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সফিজ উদ্দিনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
সফিজ উদ্দিনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। যে মানুষটি প্রতিদিন অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ জোগাতেন, সেই মানুষটিই জীবিকার উদ্দেশ্যে বের হওয়ার আগেই নিথর হয়ে ফিরলেন। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/টিআর


