
পটুয়াখালীতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও রাতে তার বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. আমিনুল ইসলাম বারেক উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন।
এ সময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে পরিবারের সদস্যরা টর্চলাইটের আলো জ্বালালে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন।
আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকী থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিজেও ঘটনাস্থলে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক মেম্বার নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে।
এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম


