
দরিদ্র পরিবারে স্বচ্ছলতার আশায় ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া। ধারদেনা আর ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকাও। কিন্তু তার আগেই নেমে আসে অন্ধকার। এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পাশাপাশি বিদেশগামী ছেলেসহ তিনি নিজেও আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. জয়বাহার (৪৫) ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার মো. রাশিদ মিয়ার স্ত্রী।
স্বজনরা জানান, আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল রাশিদ মিয়ার ছেলে নিরবের (২১)। সেই উদ্দেশে পরিবারের সঙ্গে সোমবার ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই জয়বাহারের মৃত্যু হয়।
রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
আরটিভি/আইএম


