
টয়লেটের ভেতরে মাংস ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরির প্রক্রিয়ায় অনিয়ম পাওয়া যায়। এমনকি টয়লেটের মধ্যে মাংস ধোয়ার বিষয়টিও নজরে আসে। এছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাতদিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘর স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হবে-এ মর্মে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
আরটিভি/এমএইচজে



