
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান।
পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।
উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/এসআর



