ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন ও মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়েরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করেন বলে দাবি করেছেন তিনি। খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে থেকে ২০ থেকে ২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বললেন, ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ হঠাৎ করে মিছিল বের করেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে চার থেকে পাঁচটি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে। সেগুলো ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলেও জানান তিনি। এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নগরীর খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, ‘পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল সম্পন্ন করতে পারেননি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ আরটিভি/এসআর
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন। উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরটিভি/এসআর
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
আরও পড়ুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার