
পাবনার ঈশ্বরদীতে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটরসাইকেলের চালক এবং আরেক আরোহী আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার ছহিম সরদারের ছেলে।
আহতরা হলেন—একই ইউনিয়নের বরইচারা পূর্বপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. হোসাইন (২৪) এবং রবিউল ইসলামের ছেলে মো. রাব্বি (২৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, রাজু আহমেদ নামে ওই ব্যক্তি রাতে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুই যুবক শেখেরদাইড় এলাকার দিক থেকে সাকড়েগাড়ী মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় ওই মোটরসাইকেলটির চালক এবং আরেকজন আরোহীও আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর


