
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে আগামী এক বছরে ১১ হাজার শিমুল ও মসলিন তুলার চারা বিতরণ করবে তুলা উন্নয়ন বোর্ড। এরমধ্যে ১০ হাজার শিমুলের চারা এবং এক হাজার মসলিন তুলার চারা।
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোর সেনানিবাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও শিক্ষার্থীদের মাঝে শিমুল ও মসলিন তুলার চারা বিতরণের সিদ্ধান্ত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সেনানিবাসের আর্মি মেডিকেল কলেজের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাহউদ্দিন আহমেদ।
এ ছাড়া সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস-এর প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, আর্মি মেডিকেল কলেজের ডিডি (এডমিন) মেজর (অব.) মোসলেম উদ্দিন সিকদার, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, যশোরে জগদীশপুর তুলা খামারের কটন এগ্রোনমিস্ট ড. মো. জোবায়ের ইসলাম তালুকদারসহ সেনানিবাসের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যশোর আর্মি মেডিকেল কলেজের জন্য তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শিমুল ও মসলিন তুলার চারা বিতরণ করা হয়।
আরটিভি/আইএম


